


ইসলামাবাদ, ১৪ সেপ্টেম্বর: পাক সেনার রোষের মুখে পড়ে গদি হারাতে হয়েছিল ইমরান খানকে। এর পরে ঠাঁই হয় জেলে। দু’বছর পার হয়ে গিয়েছে, ‘ক্যাপ্তান’-এর ঠিকানা জেলের নির্জন কুঠুরি। ইতিমধ্যে একাধিকবার আদালতের দ্বারস্থ হয়েছেন। দেশজুড়ে আন্দোলন করেছে তাঁর দল পিটিআই। কিন্তু কোনও লাভ হয়নি। এবার ‘ন্যায়বিচার’ চেয়ে সরাসরি রাষ্ট্রসংঘে আবেদন করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর আইনজীবীদের দল রাষ্ট্রসংঘের নির্যাতন সংক্রান্ত প্রতিনিধির কাছে আবেদন জমা দিয়েছেন বলে জানা গিয়েছে।
জেলে ইমরানের উপরে ‘অত্যাচার’ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবীরা। তুলেছেন মানবাধিকার লঙ্ঘনের মারাত্মক অভিযোগ। ইমরানের আইনজীবী দলের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁকে নির্জন কারাগারে রাখা হয়েছে। এছাড়া নিম্নমানের খাবার, চিকিৎসা পরিষেবা না থাকা, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে না দেওয়ার মতো একাধিক অভিযোগও আনা হয়েছে।
ইমরান খান যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে মাস কয়েক আগে চাউর হয়েছিল। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলেও জানা যায়।