


ওয়াশিংটন: ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে। হস্তক্ষেপ করা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার উপরেও। তাই ভারতের গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা ‘র’ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) নিষিদ্ধ করার সুপারিশ করল আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন বা ইউএসসিআইআরএফ। ২০২৬ সালের বার্ষিক রিপোর্টে তারা দাবি করেছে যে, ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর পরিকল্পিত আক্রমণ বাড়ছে। ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে ভারতকে ‘বিশেষ উদ্বেগের দেশ’ বলে অভিহিত করেছে সংস্থাটি। রিপোর্টে বলা হয়েছে, ‘র’ এবং আরএসএসের উপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা জারি এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হোক। ২০২৫ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতা ক্রমশ কমছে বলেও ওই রিপোর্টে দাবি করা হয়েছে।
যদিও এই সুপারিশের তীব্র সমালোচনা করেছে নয়াদিল্লি। সোমবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, মার্কিন কমিশনের রিপোর্ট সম্পূর্ণ ‘পক্ষপাতদুষ্ট’ এবং ‘ভ্রান্ত তথ্যনির্ভর’। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, ‘কয়েক বছর ধরেই এই কমিশন বস্তুনিষ্ঠ তথ্যের বদলে নির্দিষ্ট মতাদর্শের উপর ভিত্তি করে ভারতের বিকৃত ছবি তুলে ধরতে চাইছে।’ তিনি আরও বলেন, ‘ভারতের সমালোচনা করার বদলে আমেরিকায় হিন্দু মন্দিরে হামলা, ভারতীয় বংশোদ্ভূতদের উপর ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং হেনস্তার দিকে নজর দেওয়া উচিত কমিশনের।’ এর আগেও মার্কিন ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন ভারতে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে সরব হয়েছিল।