


ওয়াশিংটন: যুদ্ধ বিরতির প্রসঙ্গ এখন অতীত। ইরান-আমেরিকার মধ্যে জারি হামলা ও পালটা হামলা। বুধবার সকালে ইরানের উপকূলবর্তী এলাকায় ঘণ্টা দেড়েক ধরে গোলাবর্ষণ চালাল আমেরিকা। মার্কিন সেনার তরফে জানানো হয়েছে, এদিন স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে প্রায় ৯০ মিনিট ধরে হামলা চলে। ইরানের গ্রেটার টুনব দ্বীপে উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রজ মিসাইল স্টোরেজ হাউস ও উৎক্ষেপণ কেন্দ্রগুলির উপর আঘাত হানা হয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর ইরান যাতে হামলা চালাতে না পারে, সেই লক্ষ্যেই অভিযান। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। এবিষয়ে ইরান সরকারের মুখপাত্র ফতেমা মহাজেরানি জানান, গত কয়েকদিন ধরে ইরানের দক্ষিণ অঞ্চলে আমেরিকার লাগাতার হামলায় ৩০ জনের বেশি সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। জখম ২৬০ জন। পালটা বাহরিন, কুয়েত ও জর্ডনের মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণ চালানো হয়েছে। এই পরিস্থিতিতে আগামী তিনদিনের মধ্যেই ইরানের উপর আরও তীব্র হামলা করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।