


লাহোর: প্রায় দেড় মাস ধরে ইমরান খানকে একটি ডেথ সেলে রেখে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে এমনই দাবি করেছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর ছোট ছেলে কাশিম খান। সম্প্রতি জেলে ইমরানের ‘মৃত্যু’ ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছিল পাকিস্তানে। যদিও কর্তৃপক্ষ সেই জল্পনা খারিজ করে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে এবার বাবার জীবিত থাকার প্রমাণ চাইলেন ইমরান-পুত্র।
সোশ্যাল মিডিয়া পোস্টে কাশিম লিখেছেন, ‘বাবার গ্রেফতারির পর ৮৪৫ দিন কেটে গিয়েছে। গত ছ’সপ্তাহ ধরে বাবাকে ডেথ সেলে রাখা হয়েছে। আদালতের অনুমতি রয়েছে। কিন্তু তারপরও ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তাঁর বোনেদের। ফোনেও কথা বলা যাচ্ছে না। উনি যে বেঁচে রয়েছেন, তার কোনও প্রমাণ পাওয়া যায়নি। আমি আর দাদা বাবার সঙ্গে কোনও যোগাযোগ করতেই পারিনি।’ ঘটনায় শাহবাজ শরিফ প্রশাসনকে কাঠগড়ায় তুলে কাশিমের বার্তা, ‘ইচ্ছাকৃতভাবে বাবার স্বাস্থ্যের খবর লুকিয়ে রাখা হচ্ছে। উনি সুরক্ষিত আছেন কি না, সেটাও জানতে পারছি না। বাবার নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব প্রশাসনের। এই অবস্থায় কোনও অঘটন ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে। বাবা যে জীবিত রয়েছেন, প্রমাণ দিয়ে তা জানাতে হবে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই পাকিস্তানের সবথেকে জনপ্রিয় নেতাকে আটকে রাখা হয়েছে।’
২০২৩ সালের আগস্ট মাস থেকে আদিয়ালা জেলে বন্দি পিটিআই প্রধান। মঙ্গলবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় রটে যায়, বন্দি অবস্থাতেই ইমরানকে খুন করা হয়েছে। এরপরেই পাকিস্তানে উত্তেজনা বাড়তে থাকে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে কাউকে দেখা করতে না দেওয়ায় সন্দেহ আরও বেড়েছে। এই অবস্থায় আদিয়ালা জেলের বাইরে ধরনায় বসেছেন কাপ্তানের তিন বোন। সঙ্গে রয়েছেন খাইবার পাখতুনওয়ার মুখ্যমন্ত্রী সহ পিটিআই নেতৃত্ব। তাঁদের দাবি, অবিলম্বে পিটিআই প্রধানের সঙ্গে দেখা করার অনুমতি দিতে হবে।