


নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: দুর্গাপুজোর আগে বেহাল রাস্তা মেরামত করতে হবে। সম্প্রতি বৈঠকে যোগ দিয়ে এমনই নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই নির্দেশের পরই আরামবাগ মহকুমার বেহাল রাস্তার তালিকা তৈরি করে পাঠালো প্রশাসন। আগামী ১০ অক্টোবরের মধ্যে রাস্তাগুলির সংস্কার করার লক্ষ্যমাত্রা নিয়েছে প্রশাসন। তাই রাস্তা মেরামতিতে দ্রুত তহবিল অনুমোদনের জন্য রাজ্যের কাছে প্রস্তাব পাঠাচ্ছে হুগলি জেলা প্রশাসনও। এই ব্যাপারে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, তৃণমূল সরকার গ্রামাঞ্চল ও শহরে বহু বেহাল রাস্তা মেরামতিতে কোনো উদ্যোগ নেয়নি। আমাদের সরকার সবে তিন মাস ক্ষমতায় এসেছে। তারমধ্যেই বর্ষায় আরও বেহাল হয়েছে একাধিক রাস্তা। আমরা সরকারের কাছে রাস্তাগুলির মেরামতির আর্জি জানিয়েছিলাম। সেইমতো মুখ্যমন্ত্রীও আরামবাগে এসে নির্দেশ দিয়ে গিয়েছেন। হুগলি জেলায় প্রায় ৪১০ কিলোমিটার রাস্তা মেরামতির প্রয়োজন। তার প্রস্তাব পাঠাচ্ছে প্রশাসন।
গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার বলেন, গোঘাট ১ ও ২ ব্লক মিলিয়ে ৫২ টি রাস্তা সংস্কারের আর্জি প্রশাসনের কাছে জানানো হয়েছে। রাস্তাগুলির মেরামতি হওয়া অত্যন্ত জরুরি। দুটি ব্লকের প্রশাসন ইতিমধ্যেই তার রিপোর্ট পাঠিয়েছে। তবে কিছু রাস্তার আমূল সংস্কারেরও প্রয়োজন। তহবিলের সমস্যা হবে না।
আরামবাগের মহকুমা শাসক রবি কুমার জানান, আরামবাগ পুরসভা এলাকায় প্রায় ২০ টি বেহাল রাস্তা চিহ্নিত হয়েছে। এছাড়া বাকি মহকুমাতেও বেহাল রাস্তার তালিকা আমরা জেলায় পাঠিয়েছি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরসভা, ত্রিস্তর পঞ্চায়েত সহ পূর্ত দপ্তরের অধীনে থাকা সব বেহাল রাস্তার রিপোর্টই সংগ্রহ করা হয়েছে। বর্তমানে আরামবাগ শহরের বহু রাস্তা অত্যন্ত বেহাল হয়ে রয়েছে। রাস্তার পিচ উঠে গিয়ে পাথর বেরিয়ে গিয়েছে। গৌরহাটি মোড় থেকে বাজার যাওয়ার রাস্তায় রয়েছে খানাখন্দ, বাসুদেবপুর মোড় থেকে তালপুকুর পর্যন্ত, বসন্তপুর মোড় থেকে লিংক রোডের উভয় দিকের রাস্তাই বেহাল হয়ে রয়েছে। এছাড়া পূর্ত দপ্তরের অধীনে থাকা বড় রাস্তাগুলির একাংশও বেহাল হয়ে রয়েছে। তারমধ্যে আরামবাগ বর্ধমান, কোতুলপুর, একলক্ষী প্রভৃতি রুটগুলি রয়েছে। খুশিগঞ্জ কোটালপাড়া, কালীপুর দামোদরপুর সহ বহু গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতির দাবি দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন বাসিন্দারা। গোঘাটের কুমুরসা এলাকায় বেহাল রাস্তায় কাদার উপর পড়ুয়াদের যাতায়াত করতে হচ্ছে। তার ভিডিয়ো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে আরামবাগে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকেই বেহাল রাস্তা পুজোর আগে মেরামতিতে জোর দিতে নির্দেশ দেন বলে প্রশাসন সূত্রে খবর।
পূর্ত দপ্তরের এক ইঞ্জিনিয়ার বলেন, বেশ কিছু রাস্তার মেরামতি করতে ইতিমধ্যেই টেন্ডার হয়ে গিয়েছে। বর্ষা মিটলেই সেইসব রাস্তার কাজ শুরু হবে।