


ভোপাল: শ্রাবণ মাসে কাঁওয়ার যাত্রায় হুড়োহুড়ি। মধ্যপ্রদেশের কুবেরেশ্বর ধামে। সেহর জেলার প্রসিদ্ধ মন্দির দর্শনে গিয়ে গত ৩ দিনে মৃত্যু হয়েছে অন্তত ৬ কাঁওয়ারযাত্রীর। অভিযোগ, লক্ষ লক্ষ মানুষের সমাগমের আভাস সত্ত্বেও নূন্যতম প্রস্তুতি ছিল না প্রশাসনের তরফে। এক্ষেত্রে ভিড় নিয়ন্ত্রণে চূড়ান্ত ব্যর্থ হয়েছে মধ্যপ্রদেশের ডবল ইঞ্জিন সরকার।
শ্রাবণ মাস উপলক্ষ্যে বিশেষ কাঁওয়ার যাত্রা আয়োজন করেছিলেন প্রদীপ মিশ্রা নামের এক কথাবাচক। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সেই সমাগমই কার্যত পরিণত হল দুঃস্বপ্নে। পুণ্যার্থীদের যাত্রাপথ হিসাবে ইন্দোর-ভোপাল হাইওয়েতে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। তবে তা কেবল খাতায় কলমে। মঙ্গলবার রাত থেকে যানজটে কার্যত স্তব্ধ হয়ে যায় রাস্তাটি। তার উপর নূন্যতম পরিকাঠামো না থাকায় ক্ষুধা, তৃষ্ণা ও অসহ্যকর গরমে বহু পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়ে।
তবে এখানেই গাফিলতির শেষ নয়। কুবেরেশ্বর ধাম পরিচালনা কর্তৃপক্ষ এতটাই উদাসীন ছিল যে, ভিড় সম্পর্কে তাঁদের কোনও ধারণাই ছিল না। ফলে ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা,খাবার,পাণীয় জল, শৌচাগারের ব্যবস্থা সবক্ষেত্রেই ব্যর্থ হয় মন্দির পরিচালনা সমিতি। কার্যত পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। মৃতদের তালিকায় উত্তরপ্রদেশ, গুজরাত, ছত্তিশগড় সহ একাধিক রাজ্যের বাসিন্দা।