


নগোয়া: বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্যে নামছে ভারতীয় পুরুষ ও মহিলা হকি দল। রবিবার পুল এ’র প্রথম ম্যাচে হরমনপ্রীত সিংদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। এবারের এশিয়াডে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে র্যাঙ্কিংয়ে নিরিখে ভারতই সবার উপরে (অষ্টম স্থানে)। তাই সোনা জয়ের প্রবল দাবিদার ক্রেগ ফুলটনের ছেলেরা। তবে ভারতীয় পুরুষ দলের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেই আহামরি নয়। বিশ্বকাপে সুপার এইট থেকেই বিদায় নিতে হয় তাদের। তার উপর গেমসের গ্রুপ পর্বে জাপান ও কোরিয়ার বিরুদ্ধে খেলতে হবে হরমনপ্রীত, অভিষেক, হার্দিকদের। তার আগে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বড়ো ব্যবধানে জিতে অভিযান শুরু করাই লক্ষ্য হরমনপ্রীতদের। উল্লেখ্য, এশিয়ান গেমসে সোনা জিতলে ২০২৮ লস এঞ্জেলস ওলিম্পিকসে সরাসরি অংশগ্রহণ করার ছাড়পত্র মিলবে। তাই এশিয়াডে ভালো ফল করতে মরিয়া চারবারের চ্যাম্পিয়নরা।
অন্যদিকে, রবিবারই ভারতীয় মহিলা দল পুল বি’র প্রথম ম্যাচে খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। বিশ্বকাপের আসরে তাদের পারফরম্যান্সও মোটেই ভালো ছিল না। তবে এশিয়াডে স্বর্ণপদককে পাখির চোখ করেই লড়াইয়ে নামছেন সালিমা তেতে, নভনিৎ কাউররা। উল্লেখ্য, চার বছর আগে হাংঝউয়ে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁদের। জাপানের মাটিতে এবার সেই হতাশা ভোলাই লক্ষ্য ভারতের প্রমীলা বাহিনীর।