


পাটনা: ভোট চুরির অভিযোগ। সংসদের বাইরে ধর্নায় বসেন প্রিয়াঙ্কারা। দেখা যায়, সাদা টি-শার্ট পরে আছেন কংগ্রেস সাংসদরা। তাতে আঁকা এক মহিলার মুখ। নীচে লেখা মিন্তা দেবী। পিছনে লেখা ১২৪ নট আউট।
স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয় কে এই মহিলা? জানা যায়, কমিশনের বিরুদ্ধে ভোট জালিয়াতির বিস্ফোরক অভিযোগ তুলে রাহুল গান্ধী যে কয়েকটি উদাহরণ দেখিয়েছিলেন, তার একটি এই মিন্তা দেবী। বিহারে কমিশনের প্রকাশিত খসড়ায় যাঁকে নতুন ভোটার হিসেবে উল্লেখ করা হয়েছে। জন্মসাল লেখা হয়েছে ১৯০০। অর্থাৎ কমিশনের দাবি অনুযায়ী মহিলার বয়স ১২৪। এই ঘটনাকেই কমিশনের গাফিলতির উৎকৃষ্ট উদাহরণ হিসেবে তুলে ধরে প্রতিবাদে শামিল হন প্রিয়াঙ্কারা। কিন্তু এইভাবে তাঁর ছবি ব্যবহার করায় প্রবল আপত্তি মিন্তা দেবীর। তিনি ও তাঁর পরিবারের দাবি, তাঁর জন্ম ১৯৯০ সালে। কমিশনের তালিকায় বয়সের ভুল সংশোধন করা হোক। রাজনীতির কূটকচালিতে জড়ানোর কোনও ইচ্ছা তাঁর নেই। এইভাবে কংগ্রেস নেত্রীর টি-শার্টে তাঁর ছবি ছাপানোয় বেজায় সমস্যায় পড়েছেন বলেই দাবি মিন্তা দেবীর। বিষয়টাকে অপমানজনক বলেই মনে করেছেন তিনি।