


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত বছর আগুন লেগে ছারখার হয়ে গিয়েছিল ওয়েলিংটনে ভুটিয়াদের শীতপোশাকের বাজার। লক্ষ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছিলেন ভিন রাজ্য থেকে আসা ব্যবসায়ীরা। সেই ভুটিয়ারা সাহস অর্জন করে আরও একবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমে পড়েছেন কলকাতায়। কিছুদিনের মধ্যে ওয়েলিংটনে অন্যান্য বছরের মতোই শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসবেন তাঁরা। রবিবার থেকে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার অগ্নিসুরক্ষার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তাঁরা। দোকান বাঁধার সময় অনেকেরই মনে পড়ে যাচ্ছে গত বছরের ভয়াবহ স্মৃতি। সুবোধ মল্লিক স্কোয়ারের পার্কের একাংশে একনও টাটকা অগ্নিকাণ্ডের স্মৃতি।
রবিবার ওয়েলিংটন চত্বরে দোকান তৈরির কাজ তদারকি করছিলেন ব্যবসায়ীরা। কাশ্মীরের এক ব্যবসায়ী মহম্মদ খুরশিদ বলছিলেন, ‘গত বছরও আমরা ছিলাম। সে এক ভয়াবহ অভিজ্ঞতা। আচমকা চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেল। প্রচুর টাকার ক্ষতি হয়েছিল। অনেক কষ্ট করে আবার কলকাতায় এসেছি। সবাইকে আহ্বান জানাচ্ছি।’ গত বছর এক শীত-সন্ধ্যায় আগুন লাগে শীতবস্ত্রের এই অস্থায়ী বাজারে। তখন আর পাঁচ দিনের মতোই কেনাকাটা জমে উঠেছিল। বাজার কমিটির অন্যতম কর্তা তেনজিং গেলেক বলছিলেন, ‘গত বছর পিছনের পার্ক থেকে আমাদের বাজারে আগুন লেগেছিল। আমরা বুঝতেই পারিনি। লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছিল আমাদের। তারপর বিভিন্ন সংগঠন আমাদের সাহায্য করে। সেখান থেকেই আমরা কোনোমতে আবার উঠে দাঁড়াতে পেরেছি।’
তেনজিং আরও বলেন, ‘স্টলের সংখ্যা এবার কমছে না। তবে আমরা ব্যবসায়ীদের প্রশিক্ষণ দিয়েছি। কীভাবে অগ্নির্বিাপণ যন্ত্র ব্যবহার করতে হয়, সেসব শেখানো হয়েছে। দোকানে দোকানে বাড়তি ব্যবস্থাও থাকছে। নভেম্বর থেকে বাজার শুরু হয়ে তিন মাস চলবে, যেমনটা অন্যান্য বছর চলে।’ তেনজিংয়ের আবেদন, ‘আমরা সবাইকে বলতে চাই, আপনারা অন্যান্য বছরের মতো এবারও আসুন। আপনারা এলেই আমাদের ভালো লাগবে।’ নিজস্ব চিত্র