


সংবাদদাতা, ময়নাগুড়ি: বৃহস্পতিবার ময়নাগুড়ির ব্যাঙকান্দি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নেশার ট্যাবলেট ও কাফ সিরাপ উদ্ধার করল ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ৬৭২০ টি নেশার ট্যাবলেট উদ্ধার হয়েছে। পাশাপাশি ৪৬০ বোতল কফ সিরাপ উদ্ধার হয়েছে। এই ঘটনায় ময়নাগুড়ি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ব্যাঙ কান্দি ও শহরের আনন্দনগর পাড়ার এক বাসিন্দা। তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তদের নাম অলক রায় ও অভিজিৎ সরকার।
জানা গিয়েছে, বৃহস্পতিবার গোপন সূত্রে ময়নাগুড়ি থানায় খবর এসে পৌঁছায়। সেই খবরের ভিত্তিতে চলে অভিযান। অভিযানে নেশা সামগ্রী উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার করা হয়। আইসি শীর্ষেন্দু দাস বলেন , এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।