


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃতীয়ার দিন থেকে পাড়ায় পচা দুর্গন্ধ। কিন্তু, কেউই তেমন আমল দেননি। বৃহস্পতিবার দুপুরে তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। সেই গন্ধের উৎস খুঁজতে অস্থায়ী গ্যারাজের কাছে পৌঁছান স্থানীয় এক প্রৌঢ়। সেখানে থাকা পরিত্যক্ত লাল রঙের অডি গাড়িটায় ঝুঁকে দেখতেই চক্ষু চড়কগাছ তাঁর। পিছনের আসনে পড়ে রয়েছে এক ব্যক্তির (পুরুষ) পচাগলা দেহ। মৃতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। বিলাসবহুল পরিত্যক্ত গাড়ির ভিতর থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনা এলাকায় চাউর হতেই চাঞ্চল্য ছড়ায়।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে রাজডাঙা মেন রোডের নারকেলবাগান এলাকায়। স্থানীয় সূত্রে এই খবর পায় কসবা থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী। দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ, শুক্রবার দেহটির ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। কিন্তু, দেহটি পচে যাওয়ায় কোনো সূক্ষ্ম আঘাত রয়েছে কি না, তা স্পষ্ট নয়। এবিষয়ে নিশ্চিত হতেই ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষা করছেন তদন্তকারীরা। লালবাজার সূত্রে খবর, এদিন বিলাসবহুল ওই গাড়িতে পচাগলা দেহ উদ্ধারের খবর পেয়ে সেখানে যায় কসবা থানা ও গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার অফিসাররা। ঘটনাস্থল ঘিরে দেয় পুলিশ। গাড়িটি খতিয়ে দেখেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, গাড়ির চালকের আসনের পাশের দরজাটি লক ছিল। কিন্তু, বাকি তিনটি দরজা খোলা। তবে সবকটি জানালা কাচ বন্ধ। গাড়িটিতে নম্বরপ্লেট নেই। ফলে প্রাথমিকভাবে গাড়িটি কার? তা জানা যায়নি। স্থানীয়রাও কেউ গাড়ির মালিককে চেনেন না। মৃতদেহ দেখে স্থানীয়দের দাবি, এই ব্যক্তি ভবঘুরে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গাড়িটির দরজা খোলা থাকায় কোনোভাবে ভবঘুরে গাড়ির ভিতরে ঢুকে যেতে পারেন। কিন্তু, মৃত্যুর কারণ স্পষ্ট না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে নারাজ লালবাজার। ঘটনাস্থলে তদন্তে পুলিশ। -নিজস্ব চিত্র