


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এটিএম থেকে টাকা তোলার জায়গায় ধাতব পাত বসিয়ে গ্রাহকদের টাকা তুলে নেওয়ার গ্যাংয়ের হানা কলকাতায়। শহরে একের পর এক এটিএমে এই কায়দায় টাকা তুলে নিচ্ছিল ভিন রাজ্যের অপরাধীরা। চেতলা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অভিযোগের ভিত্তিতে বিহারের মধুবনির বাসিন্দা বিকাশ কুমার ও সৌরভ মিশ্রকে বুধবার গ্রেপ্তার করেছে চেতলা থানা। বাকিদের খোঁজ চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা বাগুইআটি এলাকায় একটি অনলাইন সংস্থা থেকে বাইক ভাড়া নিত। এরপর সেই বাইক নিয়ে এলাকায় রেইকি করত। পরে দুপুর বা সন্ধ্যায় ফাঁকা এটিএমে গিয়ে টাকা বেরনোর জায়গায় ধাতব পাত লাগিয়ে আসত। হেলমেট পরেই তারা এটিএমে ঢুকত। যাতে ক্যামেরায় তাদের ছবি ধরা না পড়ে। গ্রাহক টাকা তুলতে এসে সংশ্লিষ্ট বোতাম টিপলেও টাকা বেরত না। তা মেশিনেই আটকে থাকত। রাতের দিকে অভিযুক্তরা ওই এটিএমে ঢুকে টাকা বের করে নিত বলে অভিযোগ। চেতলার ওই এটিএমে যে বাইকে চেপে তারা এসেছিল, তার নম্বরের সূত্র ধরে বাগুইআটির এক সংস্থায় যায় পুলিশ। তাঁরা জানতে পারেন, ওই সংস্থা থেকে দশ ঘণ্টার জন্য বাইক ভাড়া নিয়েছিল দু’জন। আধার কার্ডের প্রতিলিপি জমা দিয়েছিল। সেই আধার কার্ডের তথ্যের সূত্র ধরেই দু’জনের নাগাল পায় পুলিশ।