


পাটনা, ৫ মার্চ: জল্পনা চলছিলই কয়েকদিন ধরে। সেটাই এবার সতিই হতে চলেছে। বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতিশ কুমার। জেডিইউ সভাপতি নীতিশ কুমার নিশ্চিত করেছেন যে তিনি দুই দশকেরও বেশি সময় ধরে রাজ্য সরকারের নেতৃত্ব দেওয়ার পর মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।এবার তিনি রাজ্যসভায় যোগ দেবেন। তিনি নিজের এক্স হ্যাল্ডেলে একটি পোস্টে বলেছেন, সংসদীয় রাজনীতি শুরু করার পর বিহারের দুই কক্ষেরই সদস্য হওয়ার ইচ্ছা ছিল তাঁর। একই ভাবে সংসদের দুই কক্ষের সদস্যও হতে চেয়েছিলেন তিনি। সেই জন্যই , এবার রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হতে চান তিনি।
নীতিশের এই সিদ্ধান্তের ফলে বড় বদল আসতে চলেছে বিহারের রাজনীতিতে। বিহারের ইতিহাসে প্রথমবারের জন্য সম্ভবত মুখ্যমন্ত্রীর পদ পেতে চলেছে বিজেপি। প্রসঙ্গত তিন মাস আগে বিজেপির সঙ্গে জোট বেঁধে ভোটে জিতে এসেছিল নীতিশের জেডিইউ। এবার মাত্র তিন মাসেই মুখ্যমন্ত্রী বদল হতে চলেছে। ফলে রাজানৈতিক মহলের ধারণা নীতিশ সরে যেতে এবার বিহারের মুখ্যমন্ত্রীত্বের দাবিদার বিজেপির কেউ। এই দৌড়ে সামনে আসছে বেশ কয়েকটি নাম। যার মধ্যে সবথেকে আলোচিত নাম উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর। এছাডাও কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই, রাজ্যের মন্ত্রী দিলীপ কুমার জয়সওয়ালের নামও ভাসছে বিহারের রাজনৈতিক মহলে।
তবে দলের শীর্ষ নেতার মুখ্যমন্ত্রীত্ব ছাড়ার সিদ্ধান্তে একেবারেই খুশি নন জেডিইউ কর্মী সমর্থকরা। রাজ্য জুড়ে চলছে তাদের ক্ষোভ বিক্ষোভ।