


নয়াদিল্লি: প্রাপ্তবয়স্কদের যৌন সম্পর্ক বেআইনি নয়। পরস্পরের সম্মতিতে যৌন সম্পর্কে লিপ্ত হলে কাউকে হয়রানি করতে পারে না পুলিশ। সোমবার এক ঐতিহাসিক রায়ে এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। মধুচক্রে হানা বা নিষিদ্ধপল্লিতে পুলিশের হানার জেরে হয়রানির শিকার হন অনেকে। বিশেষজ্ঞদের মতে, এসব ক্ষেত্রে শীর্ষ আদালতের এই রায় পথপ্রদর্শক হতে পারে। ৭০ বছর ধরে দেশে ইমরাল ট্রাফিক (প্রিভেনশন) অ্যাক্ট (আইটিপিএ) প্রচলিত রয়েছে। এই আইনকে হাতিয়ার করেই মধুচক্র বা নিষিদ্ধপল্লিতে হানা দেয় পুলিশ। সেই আইন পর্যালোচনা করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিষিদ্ধপল্লি চালানো বেআইনি। তবে স্বেচ্ছায় যৌনকর্ম বেআইনি কাজ নয়। তাই নিষিদ্ধপল্লিতে হানা দিয়ে যৌনকর্মীদের আটক করা যায় না।
একই সঙ্গে নিষিদ্ধপল্লি থেকে কাউকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে পুনর্বাসন দেওয়া যায় না বলে মন্তব্য করেছে বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি আর মাধবনকে নিয়ে গঠিত বেঞ্চ। এ প্রসঙ্গে বিচারপতিরা বলেন, ‘যুক্তি খুবই সরল। নিষিদ্ধপল্লিতে যেহেতু মহিলারা স্বেচ্ছায় আসেন, তাই তাঁদের পুনর্বাসনের প্রশ্নই ওঠে না।’