


নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা। হুগলির পোলবা গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিয়ে এদিন বিডিও জগদীশ বাড়ুই পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বৈঠকও করেন। কিন্তু তারপরেও পঞ্চায়েত সদস্যরা অনাস্থা নিয়ে নিজেদের অবস্থানে অনড়। যদিও বিডিও বলেন, পঞ্চায়েত বোর্ড গঠনের আড়াই বছর হয়নি। তাই অনাস্থা আনার সিদ্ধান্ত বৈধ নয়। সেই বিষয়টিই অনাস্থার আবেদনকারী সদস্যদের ডেকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এদিন অনাস্থার ডাক দেওয়া পঞ্চায়েত সদস্যদের একাংশ বলেন, ওই বিষয়ে আমরা আইনি পদক্ষেপ করব। দলের কাছে অনুমোদন চাওয়া হয়েছে। পঞ্চায়েত প্রধানের ভুল সিদ্ধান্তের জন্য উন্নয়নের কাজ আটকে যাচ্ছে। সেই কারণেই আমরা অনাস্থা চেয়েছি। আর পঞ্চায়েত প্রধান মৌমিতা কর্মকার বলেন, আমি সব পঞ্চায়েত সদস্যকে দোষ দেব না। কিছু সদস্য নিজেদের ব্যক্তিগত জটিলতার কারণে অনাস্থা এনেছেন। দল যা বলবে, সেভাবেই পদক্ষেপ করব। আর হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া বলেন, দল অনাস্থার অনুমোদন দেয়নি।