


ঢাকা, ২৪ ডিসেম্বর: ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ হয়েছিলেন ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি তাঁর। হাদির মৃত্যুর খবর ঢাকায় পৌঁছতেই শুরু হয়ে যায় তাণ্ডব। খুন, অগ্নিসংযোগ, সংবাদপত্রের অফিসে হামলা, চূড়ান্ত অরাজকতা চলছে পদ্মপাড়ে। হাদির মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ী করা হচ্ছে ভারতকে। তাই মৌলবাদীদের নিশানায় বাংলাদেশে থাকা ভারতীয় ভিসা কেন্দ্র কিংবা দূতাবাস। গোটা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা সরকার। এর মাঝেই বিস্ফোরক অভিযোগ করলেন ওসমান হাদির ভাই শরিফ ওমর হাদি।
ওসমান হাদিকে খুন করে নির্বাচন ভেস্তে দিতে চেয়েছে ইউনুসের উপদেষ্টা সরকারের একাংশ। এমনটাই অভিযোগ ওমরের। ঢাকার শাহবাগে একটি জনসভা থেকে তিনি বলেছেন, ‘ওসমান হাদিকে তোমরাই খুন করেছো। আর সেই বিষয়কে কেন্দ্র করে আসন্ন নির্বাচন ভেস্তে দিতে চাইছো। ওসমান চেয়েছিল ফেব্রুয়ারি মাসের মধ্যেই যেন জাতীয় নির্বাচন হয়। দোষীদের দ্রুত শাস্তি হোক, আমরা যেন সঠিক বিচার পাই। তাহলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। যদিও সরকার কোনও সদুত্তর পদক্ষেপ নেয়নি এখনও পর্যম্ত। আমরা অন্তত তা দেখতে পাচ্ছি না।’ সঙ্গে ইউনুসের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘যদি ওসমান হাদির হত্যা মামলায় ন্যায় না মেলে, তাহলে জেনে রাখবেন আপনাকেও একদিন বাংলাদেশে ছেড়ে পালিয়ে যেতে হবে।’ ওমরের দাবি, ওসমান কোনও এজেন্সি বা বিদেশি শক্তির কাছে মাথা নত করেনি। তাই তাঁকে খুন হতে হয়েছে।