


তেহরান: ইজরায়েল ও আমেরিকাকে যোগ্য জবাব দিতে জারি থাকবে অপারেশন ট্রু প্রমিস ৪। শনিবার এমনটাই বার্তা দিলেন মেজর জেনারেল আলি আবদোল্লাহি আলিয়াবাদি। ইরানের খতম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডর বলেন, ‘ইরানের বিরুদ্ধে নির্লজ্জ হামলা চালিয়েছে ইজরায়েল ও আমেরিকা। উত্তরে ইজরায়েলের দখলে থাকা বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একইসঙ্গে আমেরিকার একাধিক সেনা ঘাঁটি আক্রমণ করা হয়েছে। শত্রুপক্ষের হার নিশ্চিত না করা পর্যন্ত এই অভিযান জারি থাকবে।’
ইজরায়েল-আমেরিকার যৌথ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইয়ের। পালটা জবাব দিয়েছে তেহরানও। এহেন পরিস্থিতিতে নাগরিকদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন আবদোল্লাহি।