


সংবাদদাতা, ময়নাগুড়ি: ফেরিওয়ালার ব্যাগে কাপড়ের বদলে মিলল একাধিক গাঁজার প্যাকেট। গোপন সূত্রের খবর পেয়ে ময়নাগুড়ির ইন্দিরা মোড় এলাকা থেকে গাঁজা-সহ পুলিশের হাতে গ্রেপ্তার হল মামা-ভাগ্নে। ধৃতদের নাম বিকাশ কুমার ও রাজেশ কুমার। পাঞ্জাবের বাসিন্দা তাঁরা।
পুলিশ মারফত জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার কোচবিহারের দিক থেকে একটি যাত্রীবাহী বাসে করে ইন্দিরা মোড় এলাকায় এসে নামেন অভিযুক্ত ওই দুই ব্যক্তি। সেখান থেকে ট্রেনে করে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। অভিযুক্তদের গন্তব্য ছিল শিলিগুড়ি। অপরদিকে ময়নাগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবরটি আসে। কাপড় ফেরি করার জন্য ব্যবহৃত ওই ব্যাগের ভিতরে গাঁজার প্যাকেট রয়েছে এমনটি খবর পায় পুলিশ। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পাশাপাশি পুলিশের সন্দেহ হওয়ায় ময়নাগুড়ির বিডিও সৌমেন দাসকে খবর দেওয়া হয়। এরপর বিডিও ঘটনাস্থলে পৌঁছনোর পর তাঁর উপস্থিতিতে শুরু হয় ব্যাগের তল্লাশি। উদ্ধার হয় একাধিক গাঁজার প্যাকেট। তাঁরপরই বিকাশ কুমার ও রাজেশ কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায়, পাঞ্জাব থেকে ফোন করে তাঁদের কোচবিহারে গাঁজার প্যাকেট পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছিল। সেই প্যাকেট নিয়ে বাড়ি ফিরলে মোটা টাকা পাওয়ার প্রলোভন দেখানো হয়। আর সেই লোভেই গাঁজা নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশের কাছে হাতে ধরা পড়েন অভিযুক্ত মামা ও ভাগ্নে। এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। পুরো বিষটি খতিয়ে দেখছে তদন্তাকারী দল।