


ইসলামাবাদ, ২০ ডিসেম্বর: একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাবাসে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এবার ফের আরও একটি মামলায় দোষী সাব্যস্ত হলেন ‘কাপ্তান’। তবে এই মামলায় ইমরান একা নন, দোষী সাব্যস্ত হয়েছেন তাঁর স্ত্রী বুশরা বিবিও। তোষাখানা-২ দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে সশ্রম কারাদণ্ডের সাজা পেয়েছেন ইমরান ও বুশরা। তাঁদের দু’জনকেই ১৭ বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে পাকিস্তানের ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সির একটি বিশেষ আদালত। ইমরান ও তাঁর স্ত্রীকে পাকিস্তানের দণ্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাবাস ও দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন আইনে আলাদা আলাদা করে মোট সাত বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।
সঙ্গে তাঁদের ১ কোটি টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়েছে। ২০২১ সালে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ইমরান খানকে বহুমূল্যের বুলগারি গয়নার সেট উপহার দিয়েছিলেন। যাঁর পাকিস্তানি মুদ্রায় দাম ছিল ৭ কোটি টাকারও বেশি। অভিযোগ, সেই গয়নার ক্রয় সংক্রান্ত বিষয়ে দুর্নীতি করেছেন ইমরান ও তাঁর স্ত্রী। সেই অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তাঁরা। যার ফলে ফের আরও একটি মামলায় দীর্ঘমেয়াদি কারাবাসের নির্দেশ গেল ইমরানের বিরুদ্ধে। সূত্রের খবর, ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সির এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার পরিকল্পনা করছেন ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবি।