


শ্রীনগর: ফের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের। সূত্রের খবর, ২৬ অক্টোবর রাতে কাশ্মীরের লিপা উপত্যকায় ভারতীয় সেনাছাউনি লক্ষ্য করে গুলিবর্ষণ করে পাক সেনা। হালকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি বর্ষণের পাশাপাশি মর্টার শেলিংও করা হয় বলে খবর। বিনা প্ররোচনায় পাকিস্তানের এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। প্রসঙ্গত, পাক জঙ্গি অনুপ্রবেশ রোখার জন্য এই লিপা উপত্যকা ভারতীয় বাহিনীর কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট বলে বিবেচিত হয়।
পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারত। ধ্বংস করে দেওয়া হয় লস্কর ই তোইবা, জয়েশ ই মহম্মদের একাধিক জঙ্গিঘাঁটি। এরপরেই ভারতে হামলার চেষ্টা করে পাকিস্তান। পালটা জবাব দেয় ভারতও। গত ১০ মে দু’পক্ষের সংঘর্ষবিরতি হয়। তারপর থেকে সীমান্তে গোলাগুলি বন্ধ ছিল দু’পক্ষের। গত আগস্টেও পুঞ্চ সেক্টকে পাক বাহিনীর বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। যদিও সেনার পক্ষ থেকে বিবৃতি ওই খবরের সত্যতা অস্বীকার করা হয়।