


ইসলামাবাদ, ৩০ মার্চ: রবিবার পাকিস্তান, আরব, তুরস্ক ও মিশরের বিদেশমন্ত্রীরা একত্রিত হয়েছিলেন এক বৈঠকের লক্ষ্যে। সেখানেই ঘটল অঘটন। রেড কার্পেট দিয়ে হেঁটে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে কাঁধের হাড় ভাঙলেন পাক উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। এমনই এক বিব্রতকর পিরিস্থিতির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে ইন্টারনেট মহলে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বিদেশমন্ত্রকের কার্যালয়ে। এই দিন পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ন বৈঠকের জন্য কার্যালয়ে মিশরের বিদেশমন্ত্রী বাদার আবদেলাত্তিকে অভ্যর্থনা জানানোর সময় পা পিছলে পড়ে যান এবং গুরুতর আঘাত পান। তাঁর পা এবং কাঁধে আঘাত লাগে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অভ্যর্থনা জানানোর সময় তিনি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। তড়িঘড়ি নিরাপত্তাকর্মীরা তাঁকে সাহায্য করার জন্য ছুঁটে যান। আঘাত পাওয়া সত্বেও তিনি কার্যালয়ে সময়সূচি মেনেই বৈঠকে অংশগ্রহণ করেন। তাঁর ছেলে বাবার এই ঘটনাটি সম্বন্ধে ইনস্টাগ্রামে লেখেন, 'মিশরের বিদেশমন্ত্রীকে স্বাগত জানানোর সময় পা পিছলে চোঁট পাওয়া সত্ত্বেও বৈঠকে অংশগ্রহণ করেন'। তিনি আরও জানান তাঁর বাবা সব কাজ শেষ করেন এবং তাঁকে রাতে স্বাস্থ্য পরীক্ষা করান। এক্সরে রিপোর্টে কাঁধে একটি সামান্য আঘাত ধরা পড়েছে। কয়েকদিন ওষুধ এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখা হবে।