


নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর: ইউপিআই মাশুলের প্রতিবাদ। ফের নগদে লেনদেনের পথে ‘ডিজিটাল ভারত’। ভবিষ্যতে দু’হাজার টাকার বেশি ডিজিটাল পেমেন্ট গ্রহণ করা হবে না বলে এখন থেকে জানিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। রাজধানী দিল্লি ও তার আশপাশের এলাকায় বিভিন্ন দোকানের বাইরে দেখা গিয়েছে এই সংক্রান্ত পোস্টার। একই দৃশ্য পেট্রল পাম্পগুলিতে। ক্রেতাদের নগদ টাকা রাখার জন্য আবেদন করছে তারা।
দু’হাজার টাকার উপর লেনদেনে ০.৪ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যা কার্যকর হবে ১৫ অক্টোবর থেকে। সরকার জানিয়েছে, মাশুলের বোঝা সাধারণ মানুষের উপরে পড়বে না। কেনাকাটা করলে ব্যবসায়ীদের এই টাকা দিতে হবে। যদিও ব্যবসায়ীদের বক্তব্য, ইউপিআই মাশুলের বোঝা তাঁদের পক্ষে বহন করা হয়তো সম্ভব হবে না। যে কারণে নগদ লেনদেনের উপরে জোর দিচ্ছেন তাঁরা।