


নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় আমেরিকার ‘আঞ্চলিক পুলিশ’ হওয়ার কোনো প্রয়োজন নেই। শনিবার দিল্লিতে ব্রিকস সম্মেলনে এসে এমনই মন্তব্য করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিন সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন পেজেশকিয়ান। সেখানেই আমেরিকার উদ্দেশে কটাক্ষ ছুঁড়ে দেন তিনি। পেজেশকিয়ানের বক্তব্য, ‘পশ্চিম এশিয়ার অখণ্ডতা ও নিরাপত্তা কেবল এর অন্তর্ভুক্ত দেশগুলিই নিশ্চিত করতে পারবে। আমাদের জনগণের উপর হওয়া সকল অবিচার সত্ত্বেও, আমরা যুদ্ধ চালাতে চাই না। শান্তিই আমাদের অগ্রাধিকার।’ এদিন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করেন পেজেশকিয়ান। রাষ্ট্রপতি ভবনে দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে তাঁদের আলোচনা হয়। পরে রাষ্ট্রপতি ভবনের তরফে একটি বিবৃতিতে বলা হয়, পশ্চিম এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ভারত যে অঙ্গীকারবদ্ধ, এদিন সেই কথা ফের জানিয়েছেন রাষ্ট্রপতি। আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সংঘাত থামানোর আহ্বানও জানান তিনি।
পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে ব্রিকস সম্মেলনে বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিংও। এদিন তিনি পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামাতে ব্রিকসকে শান্তির দূত হিসাবে ভূমিকা রাখার আহ্বান জানান। জিনপিং জানান, এই যুদ্ধ আন্তর্জাতিক ক্ষেত্রে সকলের স্বার্থের পক্ষে অনুকূল নয়। শান্তি ফেরাতে ব্রিকসের অন্যান্য সদস্য দেশের সঙ্গে মিলিতভাবে কাজ করবে চীন।