


সংবাদদাতা, মানবাজার: পুরুলিয়ার পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে আরও উন্নত ও আধুনিক পরিকাঠামোয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই স্বাস্থ্যকেন্দ্রেই ৩০ শয্যাবিশিষ্ট ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানালেন মানবাজার বিধানসভার বিধায়িকা ময়না মুর্মু। মঙ্গলবার পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে এসে তিনি হাসপাতালের চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে পরিকাঠামো ও পরিচ্ছন্নতা ইত্যাদি একাধিক বিষয় খতিয়ে দেখেন।
এদিন হাসপাতাল পরিদর্শনের সময় চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন বিধায়ক। তাঁরা হাসপাতালে সঠিক সময়ে চিকিৎসা ও প্রয়োজনীয় পরিষেবা পাচ্ছেন কি না, ওষুধপত্রের ব্যবস্থা ঠিক আছে কি না, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পরিষেবা নিয়ে কোনো সমস্যা রয়েছে কি না, সেই সমস্ত বিষয়ে রোগীদের থেকে সরাসরি জানতে চান তিনি। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং স্বাস্থ্যকেন্দ্রের সামগ্রিক পরিষেবা ও পরিকাঠামোর বিষয়েও খোঁজখবর নেন।
স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকটিও দেখেন বিধায়ক। হাসপাতাল চত্বর, রোগীদের ব্যবহারের জায়গা এবং হাসপাতাল চত্বর পর্যবেক্ষণ করেন তিনি। সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
পরিদর্শন শেষে ফোনে ময়না মুর্মু বলেন, এদিন হাসপাতাল পরিদর্শন করলাম। রোগীরা ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কি না, সেগুলি খতিয়ে দেখা হয়েছে। তিনি আরও জানান, পুঞ্চা হাসপাতালকে উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ৩০ শয্যাবিশিষ্ট নতুন একটি ভবন নির্মাণ করা হলে এলাকার মানুষের চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আরও সুবিধা হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পুঞ্চা ব্লক ও আশপাশের এলাকার বহু মানুষ চিকিৎসার জন্য এই স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভরশীল। উন্নত পরিকাঠামো এবং অতিরিক্ত শয্যার ব্যবস্থা হলে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসার ক্ষেত্রে বাড়তি সুবিধা মিলবে বলে মনে করা হচ্ছে। বিগত দিনে এই হাসপাতালের পরিষেবা নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছিল। পর্যাপ্ত শয্যা না থাকার কারণে সমস্যায় পড়তেন রোগীরা। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীদের প্রাথমিক চিকিৎসার পর দ্রুত পরিষেবা দেওয়া এবং রোগীদের হাসপাতালে রেখে চিকিৎসা করার ক্ষেত্রে এই নতুন পরিকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী স্থানীয়রা।
রাজ্য পালাবদলের পর বিধায়িকার এই পরিদর্শন এবং ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের ঘোষণায় পুঞ্চা এলাকার স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। হাসপাতাল পরিদর্শনে ময়না মুর্মু।