


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘রথ টানলে দুর্গা আসে’-এই কথাটার চল আছে বাংলায়। সে চিত্র শুক্রবার দেখা গেল সর্বত্র। দিনভর কলকাতা ও শহরতলিতে হল খুঁটি পুজো। রথের রশিতে টান পড়তেই শহরের একাধিক পুজো কমিটি খুঁটি পুজো করেছে। কলকাতায় ইসকন সহ বহু জায়গায় রথযাত্রা পালন হয়েছে। তেমনই খুঁটি পুজো দিয়ে দুর্গাপুজোর ঢাকেও কাঠি পড়েছে।
এদিন দুপুরে শহরের অ্যালবার্ট রোডে কলকাতা ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হয়। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে তা শেষ হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এ উপলক্ষ্যে ভক্তদের ঢল নামে রাস্তায়। ইসকনের আয়োজনে ময়দানে বসেছে রথের মেলাও। অন্যদিকে উল্টোডাঙা ক্যানাল ইস্ট রোডে প্রতি বছরের মতো এবারও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ও তিন নম্বর বরোর চেয়ারম্যান অনিন্দ্যকিশোর রাউত জগন্নাথ মন্দিরে পুজোর আয়োজন করেছিলেন। পুরীর মন্দিরের রীতি মেনে সেখানে ভোগ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পারিষদ দেবাশিস কুমার। অনিন্দ্যবাবু বলেন, ‘পুরীর মন্দিরে যে ধরনের ভোগ দেওয়া হয়, এখানেও জগন্নাথকে সেরকম ভোগ দেওয়া হয়েছে। ঘি-অন্ন, খিচুরি, ডালমা, মিষ্টান্ন, রাবড়ি দেওয়া হয়েছে জগন্নাথকে।’
‘উল্টোডাঙা সংগ্রামী’ পুজোর উদ্যোক্তারা এদিন খুঁটিপুজোর আয়োজন করেছিল। এবার ৬৩ বর্ষে পা দিয়েছে এই পুজো। এবছরের ভাবনা ‘উৎসবের সংকল্প’। পাশাপাশি এদিন বিকেলে রথযাত্রা প্রতিযোগিতারও আয়োজন করেছিল তারা। একইভাবে শহরের বুকে রথযাত্রা কার্নিভাল হয়েছে শিয়ালদহের শ্রদ্ধানন্দ পার্কে। সেখানে একটি প্রতিযোগিতাও হয়। প্রদান করা হয়েছে পুরস্কার। ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২৭ জুন থেকে পাঁচ জুলাই পর্যন্ত রথযাত্রা উপলক্ষ্যে শ্রদ্ধানন্দ পার্কে বসেছে ‘সোনাঝুড়ি হাট’। এর পাশাপাশি বিধাননগর, বাগুইআটি, কেষ্টপুর, নারায়ণপুরের বিভিন্ন জায়গায় রথযাত্রা উৎসব পালন হয়েছে। রাস্তায় ছোট ছোট রথ নিয়ে বেরিয়েছিল বাচ্চারা। সবমিলিয়ে সর্বত্র ভক্তি সহকারে ও উৎসাহের সঙ্গে পালিত হয়েছে রথযাত্রা।