


ফের রণবীর সিংয়ের বিপরীতে কাজ করবেন অভিনেত্রী আলিয়া ভাট। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। সেই ছবিতে প্রশংসিত হয়েছিল আলিয়া ও রণবীরের। এবার খবর, জয় মেহেতা পরিচালিত ‘প্রলয়’ ছবিতেও নাকি জুটি বাঁধছেন রণবীর ও আলিয়া। এই ছবির জন্য ইতিমধ্যে প্রস্তাব গিয়েছে আলিয়ার কাছে। চিত্রনাট্য নাকি পছন্দও হয়েছে নায়িকার। তিনি ‘হ্যাঁ’ বললেই শ্যুটিং শুরু করবেন নির্মাতারা। শোনা যাচ্ছে, জম্বিকে কেন্দ্রে রেখে থ্রিলার ঘরানার ছবির শ্যুটিং শীঘ্রই শুরু হবে। আলিয়া এখন ব্যস্ত তাঁর ‘লাভ অ্যান্ড ওয়ার’ আর ‘আলফা’র কাজে। স্পাই ইউনিভার্সের ‘আলফা’ মুক্তি পাওয়ার কথা ছিল এপ্রিলের ১৭ তারিখ। তবে সলমন খানের ‘ব্যাটল অব গালওয়ান’ ছবির জন্য আলিয়া অভিনীত ছবিটির মুক্তি পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, ‘ধুরন্ধর’-এর সাফল্যে বুঁদ রণবীর। সম্প্রতি জানা গিয়েছে, ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ ছবিটি ছেড়ে দিয়েছেন রণবীর। তিনি বর্তমানে মন দিতে চান ‘প্রলয়’তে। তার জন্য প্রস্তুতিও শুরু হয়েছে।