


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘কোনো নিরাপত্তা নেই!’, জন্মদিনের রাতে হামলার অভিযোগ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তাই নিয়েই ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছুটে গেলেন সাংসদের বাড়িতে। পুলিশকে সঙ্গে নিয়ে বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে, এমনটাই অভিযোগ করেন মমতা। তিনি বলেন, তাণ্ডব চালানো হয়েছে। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও অপহরণ করতে এসেছিল, বিস্ফোরক দাবিও করলেন মমতা। তিনি বলেন, ‘আমার বাড়িতে পুজো হয়। পাড়ার ক্লাবে সারারাত কাজ করতে দেয়নি। রাস্তায় মোড়ে যে পুজো করা হচ্ছে, তা বেআইনি। আগে সেটা ভিতরে হত। এখন বাইরে করা হচ্ছে। যাতে আমার বাড়ির পুজোতে কেউ না আসতে পারে।’ এরপরেই মমতা বিজেপিকে তীব্র নিশানা করে বলেন, ‘বুলডোজার কেন এসেছে? কটা বুলডোজার আছে? আমার বুকে বুলডোজার চালাও। আমরা দেখতে চাই, তোমাদের ক্ষমতা।’
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে, তাঁর বাড়িতে শুক্রবার রাতে দফায় দফায় উত্তেজনার খবর ছড়ায়। মমতার অভিযোগ রাত ২টো-৩টেয় ‘লুম্পেন’দের নিয়ে এসে হামলা করা হচ্ছে। মমতা বলেন, ‘তোমরা অত্যাচার করবে, আর আমরা মুখ বন্ধ করে সহ্য করব? দেশের সংবিধান নেই। নিজেরাই বলছেন দেশের গণতন্ত্র বাঁচাও, গণতন্ত্র থাকলে কি সেটা বলতেন?’
পুজো না করতে দেওয়ারও অভিযোগ তুলছেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, ‘পুজো শান্তিতে করতে দিচ্ছে না। আমার বাড়ির মোড়ে কোনোদিনও পুজো হয়না। আমার বাড়ির পুজোতে যাতে কেউ না আসতে পারে, তাই এবার মোড়ে পুজো করা হচ্ছে।’
কালীঘাট থানার ওসির বিরুদ্ধেও বিস্ফোরক মমতা। পুলিশের ভূমিকা এবং নিরপেক্ষাতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘কালীঘাট থানার ওসি-কে অভিষেক যখন বলে, তখন খারাপ ব্যবহার করেন। ওঁরা ভাবে ওঁরা ভগবান! আমি জানি, কোনও সরকারের অধীনে পুলিশ প্রশাসন কীভাবে কাজ করে। কিন্তু যখন লক্ষণরেখা ছাড়িয়ে যায়, তখন মনে রাখবেন কিছু ফারাক হবে। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়াব।’
মমতা সরাসরি কাঠগড়ায় দাঁড় করান থানার ওসি বলাই বাগকে। মমতা বলেন, ‘কয়েকটি থানা যা করে বেড়াচ্ছে! এখানে (কালীঘাট থানা) নতুন এক জনকে আনা হয়েছে। সব জানি বলাইবাবু! আপনার কী ক্ষমতা, কত প্রোমোশন পাবেন!’ এরপরে তিনি বলেন, ‘আপনি পান। আপনার পরিবার ভাল থাকুক।’ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পাড়া থেকে শুরু করে গোটা রাজ্যের মেয়েদের এগিয়ে আসতে বলেন। জোট বাঁধার অনুরোধও করেন তিনি।