


করোনাকালের পর বহু নাট্যদল ভেঙেছে। নাটক অন্তপ্রাণ অনেক শিল্পীর জীবনে নেমে এসেছে সঙ্কট। তেমনই এক শিল্পীর জীবনকে ঘিরে পরিচালক অলোক দে তৈরি করেছেন শর্টফিল্ম ‘দর্শক’। অভিনয়ে সব্যসাচী চৌধুরী ও পূজা সরকার। দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন তাঁরা। সব্যসাচীর চরিত্রটি নাট্যপ্রেমী। জীবনের সমস্ত স্বাচ্ছন্দ্য সে ত্যাগ করেছে অভিনয়ের জন্যই। তবে নাটকের দল বন্ধ হয়ে যাওয়ার পর তার জীবনে ঝড় নেমে আসে। দাম্পত্য সম্পর্কে দূরত্ব বাড়ে। প্রশ্নে বিদ্ধ হয় স্বাভাবিক জীবন। আর সদুত্তর মেলে এক অদ্ভুত পরিণতিতে। সব্যসাচীকে অনুরাগীরা চেনেন বামাখ্যাপা চরিত্রের জন্য। আর পূজা কাজ করেছেন ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’, ‘চেঙ্গিস’, ‘ফেলুবক্সি’র মতো প্রজেক্টে। মানস সরকারের গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছোট ছবি। চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বে রয়েছেন সাগর শীল। আবহ দেবজিৎ রায়। আগামী ৩০ জুলাই ‘রিলায়েন্স এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই শর্টফিল্ম। ‘দর্শক’ প্রসঙ্গে সব্যসাচী বলেন, ‘শর্টফিল্মে অভিনয় করার সুযোগ সচরাচর পাওয়া যায় না। এই গল্পটা শুনে মনে হয়েছিল, এটার উপরে কাজ করা যেতে পারে। পূজার সঙ্গে এর আগে একটি সিরিজে কাজ করেছিলাম। সেখানেও আমরা দম্পতির ভূমিকায় ছিলাম। কয়েক মাস আগে কাজ শেষ হয়। আশা করি দর্শকের ভালো লাগবে এই শর্টফিল্ম।’