


নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং আগেই ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী নামচিতে সুড়ঙ্গ বিপর্যয়ের ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল সিকিম সরকার। যার নেতৃত্ব দেবেন রাজ্য পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি-আইনশৃঙ্খলা) তাশি ওয়াংয়াল। খনি ও ভূতত্ত্ব দপ্তরের প্রিন্সিপাল ডিরেক্টর ফিগু শেরিং ভুটিয়াকে কমিটির অন্যতম সদস্য করা হয়েছে।
উচ্চপর্যায়ের এই কমিটি ঘটনাটির বিস্তারিত তদন্ত করে তাদের পর্যবেক্ষণ, সিদ্ধান্ত এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কী করণীয় সেই সংক্রান্ত সুপারিশ-সহ পূর্ণাঙ্গ রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেবে।
নামচিতে সুড়ঙ্গে মিথেন গ্যাস বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ২২টি দেহ উদ্ধার হয়েছে। বুধবার রাতে আসানসোল থেকে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের দ্বিতীয় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এনডিআরএফের সঙ্গে তারা যোগ দেয় উদ্ধারকাজে। পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করার পর ময়না তদন্ত হচ্ছে। তারপর দেহ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।