


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট পরবর্তী হিংসার জেরে তৃণমূলের ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপের আরজি নিয়ে বুধবার নবান্নে ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে দেখা করলেন ঋতব্রতপন্থী ছয় তৃণমূল বিধায়ক। এই প্রতিনিধিদলে ছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, জাভেদ খান, সন্দীপন সাহা, আখরুজ্জামান এবং বিপ্লব মিত্র। তাঁদের সঙ্গে ডিজির বেশ কিছুক্ষণ কথা হয়। সিদ্ধিনাথ গুপ্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এদিকে, এদিন ঋতব্রতপন্থীদের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, হয় সরাসরি বিজেপি করুন। নাহলে আমার অনুরোধ, তৃণমূলের সঙ্গে মিশে যান। আপনারা আজ সাংসদ-বিধায়ক হয়েছেন দলের কর্মীদের জন্যই। আর সিম্বলটা আমিই দিয়েছিলাম। অন্যদিকে, এদিনের বৈঠকের ২১ জুলাইয়ের সভা নিয়েও আলোচনা হয়। সেখানে দু’-তিনটি বিকল্প জায়গার নাম প্রস্তাব করে চিঠি দিতে বলেন ডিজি, যে সমস্ত জায়গায় যান চলাচলে সমস্যা হবে না।