


করাচি, ২৮ নভেম্বর: কোথায় ইমরান খান? আদৌ তিনি বেঁচে আছেন? জেলে কীভাবে রয়েছেন? এই প্রশ্নগুলিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াচ্ছে পাকিস্তানে। বিশেষ করে আদিয়ালা জেল এলাকায় বেশ কয়েকদিন ধরেই জমায়েত করে বিক্ষোভ দেখাচ্ছেন ইমরানের দল পিটিআইয়ের সমর্থকরা। সেই বিক্ষোভে সামিল হয়েছেন ইমরানের বোন, পুত্র সহ পরিবারের সদস্যরা। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলেই খুন করা হয়েছে! মঙ্গলবার গভীর রাত থেকে এমনই বার্তা ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যাকে ঘিরে এখন তোলপাড় পাকিস্তান। যদিও প্রাক্তন ক্রিকেটার সুস্থ রয়েছেন বলে গতকাল, বৃহস্পতিবার জানিয়ে দেয় আদিয়ালা জেল কর্তৃপক্ষ।
তবে সেই কথা শুনতে নারাজ ইমরানের পরিবারের সদস্যরা। তাঁর ছোট ছেলে কাসিম খান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার বাবা ৮৪৫ দিন ধরে জেলে বন্দি। গত ছ’সপ্তাহ ধরে তাঁকে একাকী মৃত্যুকূপে রাখা হয়েছে। সেই বিষয়ে কিছুই বলা হচ্ছে না। চরম অস্বচ্ছতা বজায় রাখা হয়েছে। আদালত অনুমতি দেওয়ার পরেও তাঁর বোনেদের যেতে দেওয়া হচ্ছে না জেলের ভিতরে। ফোন করা যাচ্ছে না, দেখা করতে দেওয়া হচ্ছে না। তিনি জীবিত রয়েছেন কি না, তা-ও স্পষ্ট নয়।’ কাসিম এও হুঁশিয়ারি দিয়েছেন তাঁর বাবা ইমরানের কিছু হলে পাক সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হবে। যদিও পাকিস্তান সরকার বিষয়টি নিয়ে মুখ খুলেছে। ইমরান সুস্থ রয়েছেন বলে জানিয়েছে পাক সরকার।
গতকাল, বৃহস্পতিবার বিবৃতি দিয়ে আদিয়ালা জেল কর্তৃপক্ষ জানিয়েছিল। ‘পিটিআই প্রধান সুস্থ রয়েছেন। ইমরান খানের স্বাস্থ্যের খবর পিটিআইকে জানানো হয়েছে। পিটিআই প্রধানকে সবরকম চিকিৎসা দেওয়া হচ্ছে। উনি সুস্থ রয়েছেন। ইমরানকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার খবর, গুজব, সম্পূর্ণ ভিত্তিহীন।’ প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান খান। তবে সম্প্রতি তাঁর স্বাস্থ্য নিয়ে একাধিক গুজব ছড়ায়। যাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের এই পড়শি দেশে।