


নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় অব্যাহত যুদ্ধ পরিস্থিতি। শুক্রবারও ইজরায়েল ও মার্কিন ঘাঁটিগুলির উদ্দেশ্যে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। তবে এই ক্ষেপণাস্ত্র হামলা অভিনব। ইরানের ছোড়া মিসাইলগুলির গায়ে নীল কালিতে লেখা ‘ভারতের জনগণকে ধন্যবাদ’। একইভাবে জার্মানি, স্পেন ও পাকিস্তানকেও ধন্যবাদ বার্তা জানিয়েছে তেহরান। শুক্রবার এই ছবি পোস্ট করেছেন মুম্বইয়ে নিযুক্ত ইরানের কনস্যুলেট জেনারেল। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘সমর্থন ও সংহতির জন্য স্পেন, জার্মানি, ভারত ও পাকিস্তানের জনগণকে ধন্যবাদ। বিশেষ করে, ইজরায়েল ও আমেরিকার হামলার ৮৩তম প্রত্যুত্তরের সময়।’ ইসলামিক রেভল্যুশন গার্ডস কোর জানিয়েছে, শুক্রবার সকালে অপরাশেন ট্রু প্রমিস ৪-এর ৮৩ পর্ব শুরু হয়েছে। যার লক্ষ্য ছিল পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ও ইজরায়েলি ঘাঁটিগুলি। জানা যাচ্ছে, ইরানের হামলার লক্ষ্য ছিল ইজরায়েলের আশদাদ শহরের একটি তেলের ডিপো, মোদি’ইন শহরের একটি সেনা ঘাঁটি ও আমেরিকার একটি সামরিক তথ্য বিনিময় কেন্দ্র। আমেরিকার সেনাঘাঁটি আল-ধাফরা, আল-উদেইরি ও আল সালেম, শেখ ইশা বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলেও খবর। আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, মাঝারি ও দূরপাল্লার ক্ষেপনাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে সফলভাবে এই হামলা চালানো হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।