


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি অর্থবর্ষে (২০২৫-২৬) ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের আওতায় আড়াই লক্ষ শিক্ষানবিশকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষমাত্রা নেওয়া হয়েছে। এরই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে আরও ২৫ হাজার জনকে। বৃহস্পতিবার মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক আলোচনাসভায় এমনই জানালেন বোর্ড অব প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের পূর্বাঞ্চলীয় অধিকর্তা এস এম ইজাজ আহমেদ। তিনি বলেন, শিল্পক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বাড়ছে। বর্তমানে স্বাস্থ্যক্ষেত্র ও তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে যেমন তার চাহিদা বাড়ছে, তেমনই কৃষিতেও তার ব্যবহার বাড়ছে। এখানে ড্রোন ব্যবহারে এআইয়ের সুবিধা নেওয়া হচ্ছে। আমরা চাই কৃষি ও শিল্প উভয় ক্ষেত্রেই প্রশিক্ষিত কর্মী নিয়োগ হোক। রাজ্যের উৎকর্ষ বাংলা প্রকল্পের কলকাতা জেলা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের চেয়ারপার্সন অঙ্কিতা আগরওয়াল বলেন, শিক্ষানবিশদের চাকরির জন্য বাংলার প্রতিটি জেলায় প্রতি ত্রৈমাসিকে একটি করে জব ফেয়ার বা চাকরি সংক্রান্ত মেলার আয়োজন করা হয়। সেখানে যেকোনও চাকরিপ্রার্থী অংশগ্রহণ করতে পারেন। যদি কোনও শিল্প প্রতিষ্ঠান কোনও শিক্ষানবিশ নিয়োগ করে, তাহলে তাঁরা রাজ্য সরকারের তরফে মাসে দেড় থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত ভাতা পেতে পারেন, জানিয়েছেন তিনি।