


তিরুবন্তপুরম, ৯ নভেম্বর: একের পর এক পথ দুর্ঘটনা এবং স্কুলবাস চালকদের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনা সামনে আসতেই এবার তৎপর হল প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় এবার বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক আইন লঙ্ঘন এবং মদ্যপান করে গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন কেরলে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেন্নিথালা স্পষ্ট জানিয়ে দেন, ট্রাফিক আইন ভাঙা কিংবা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় কোনও রকম আপস করা হবে না। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, জুভেনাইল জাস্টিস আইনের সুরক্ষা রয়েছে বলেই কিশোররা অপরাধ করেও পার পেয়ে যাবে, এমন ধারণা করা উচিত নয়। প্রয়োজন হলে সংশ্লিষ্ট আইনে পরিবর্তনের বিষয়টিও সরকার বিবেচনা করবে। অভিভাবকদের উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছেন মন্ত্রী। তাঁর আবেদন, কোনওভাবেই অপ্রাপ্তবয়স্ক সন্তানদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া যাবে না। নাবালকদের গাড়ি চালানোর অনুমতি দিলে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ে, তেমনই বিপন্ন হতে পারে অন্যদের জীবনও।
সম্প্রতি কেরলে একাধিক পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। কয়েকটি দুর্ঘটনায় অপ্রাপ্তবয়ষ্ক চালকদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। কোথাও আবার চালকের নেশাগ্রস্ত থাকার বিষয়টিও সামনে এসেছে। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন চেন্নিথালা। মদ্যপ-নেশাগ্রস্ত ব্যক্তিদের চিহ্নিত করতে বিশেষ অভিযান চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি ও নজরদারি বাড়াবে বলে আশ্বাস দিয়েছে মন্ত্রীকে।
মন্ত্রীর দাবি, 'এক অভিযানে ৫৭ জন স্কুলবাস চালককে মদ্যপ অবস্থায় শিশুদের নিয়ে যাতায়াত করতে দেখা গিয়েছে। এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে তিনি বলেন, সকালে বাবা-মা তাঁদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন, অথচ বাসের চালক নেশাগ্রস্ত এমন পরিস্থিতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' শুধু স্কুলবাস নয়, বেসরকারি বাসের বেপরোয়া গতির বিরুদ্ধেও কড়া অবস্থান নিয়েছে সরকার। নিয়ম ভেঙে দ্রুতগতিতে গাড়ি চালানো, বিপজ্জনক রেষারেষি এবং দুর্ঘটনা ঘটানোর অভিযোগ প্রমাণিত হলে চালকদের লাইসেন্স বাতিল করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।