


সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: ভোটের শতাংশ বাড়ানোই ময়নাগুড়িতে এবার টার্গেট বামদের। গত বিধানসভা ভোটে আরএসপি প্রার্থী নরেশচন্দ্র রায় ভোট পেয়েছিলেন ৫৭৬০টি। শতাংশ হিসাবে যা ২.৪৪। এবার মূলত সেই শতাংশই বাড়ানোর টার্গেট নিয়ে ঝাঁপাতে চলেছে ময়নাগুড়ির বাম শিবির। যদিও তাদের দাবি এবার বামেদের ফল ভালো হবে।
২০১৬ সালে যেখানে আরএসপি প্রার্থী ছায়া দে রায় ভোট পেয়েছিলেন ৬৫ হাজার ৯৩০টি। সেই সংখ্যা ২০২১ সালে তলানিতে এসে দাঁড়ায়। ক্রমাগত বাম ভোট নিম্নমুখী হতে থাকে। নিজেদের ভোট নিজেদের দখলে রাখাই যেন বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের। সোমবার বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। ময়নাগুড়ি বিধানসভার বাম মনোনীত প্রার্থী হিসাবে টিকিট পেয়েছেন আরএসপি’র সুদেব রায়। তাঁর বাড়ি ময়নাগুড়ি ব্লকের চূড়াভাণ্ডার গ্রাম পঞ্চায়েতে। গত বিধানসভায় এই এলাকা থেকেই প্রার্থী হয়েছিলেন নরেশচন্দ্র রায়। আরএসপি’র জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য সীতেশ দত্ত বলেন, এবার আমাদের ফলাফল ভালো হবে। তার কারণ তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে মানুষ বীতশ্রদ্ধ। মানুষের যে দাবি তা তারা পূরণ করতে ব্যর্থ। যুবসমাজের চাকরি নেই। কর্মসংস্থান নেই। সেই কারণেই কিছুটা হলেও সেই ভোট আমাদের দিকে ফিরে আসবে। ২০১৬ সালে আমরা লড়াইয়ের ময়দানে ছিলাম। ২০২১ সালে আমাদের একটা অংশের ভোট বিজেপি ও তৃণমূলে চলে যায়। বিশ্লেষণ করে দেখেছিলাম সেই কারণেই ভোট কমেছে। প্রার্থী সুদেব রায় বলেন, দল অনেক প্রত্যাশা নিয়ে আমাকে টিকিট দিয়েছে। প্রচারে নেমেছি। এবার ভালো ফল হবেই।