


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করল লালবাজার। আজ, বৃহস্পতিবার রাত থেকেই কঠোর নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হবে কলকাতাকে। শহরে প্রবেশের সবক’টি পয়েন্টে থাকছে নাকা চেকিং। স্বাধীনতা দিবসে রেড রোড চত্বরে হাজির থাকবেন প্রায় হাজার পুলিসকর্মী। যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসাররা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। রেড রোডকে ১৩টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকবেন একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। তাঁকে সাহায্য করবেন দু’জন ইনসপেক্টর। রেড রোডের আশপাশে থাকছে পুলিস বুথ ও ছ’টি টাওয়ার। কুচকাওয়াজ দেখতে আসা অতিথিদের গাড়ির জন্য পৃথক পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ডাফরিন রোডের বাস্কেটবল গ্রাউন্ডে গাড়ি রাখতে পারবেন তাঁরা।