


বিশেষ সংবাদদাতা,আগরতলা: বিক্ষোভের নামে অভব্যতা! ত্রিপুরায় উদয়পুরে জেলা শাসকের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ তিপ্রামথার যুব সংগঠন ওয়াইটিএফের! সোমবার রাজ্যের বিজেপি জোট সরকারের এই শরিক দলের পূর্বঘোষিত কর্মসূচি ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে অপমান করা হয়েছে, এই অভিযোগ তুলে বিক্ষোভের ডাক দিয়েছিল ওয়াইটিএফ।
গত ২৬ মে দেবর্বমণের সাথে দেখা করেননি গোমতির জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা। পরের দিনই সাংবাদিক সম্মেলনে মথার যুব সংগঠন মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে গোমতী জেলার শাসককে অপসারণের দাবি জানিয়েছিল। কিন্তু সেই দাবি পূরণ না হওয়ায় উদয়পুরে জেলা শাসকের অফিস সহ সমস্ত দপ্তরে তালা দেওয়ার ঘোষণা করেছিল ওয়াইটিএফ। এদিন সেই কর্মসূচি ঘিরেই উত্তেজনা ছড়ায়। এলাকায় বিশাল পুলিস বাহিনী মোতায়েন ছিল। কিন্তু পুলিসের ব্যারিকেড ভেঙে সরকারি অফিসে তালা ঝুলিয়ে দেয় তিপ্রামথার যুব কর্মী-সমর্থকরা। জেলাশাসকের ছবি পায়ের নীচে রেখে অভব্য আচরণ করতে দেখা গিয়েছে মথা কর্মীদের। এই ঘটনায় সমাজের বিভিন্ন স্তরে ক্ষোভ ছড়িয়েছে। -নিজস্ব চিত্র