


বেজিং: শুল্ক ও তার পাল্টা শুল্ক। বিশ্ব বাণিজ্যে দাদাগিরি নিয়ে শুল্ক যুদ্ধে জড়িয়েছে আমেরিকা ও চীন। এই বাণিজ্য যুদ্ধ শুধু ট্রাম্প নয়, জিনপিংয়ের দেশের অর্থনীতিকেও বড় ধাক্কা দিতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করল গোল্ডম্যান স্যাকস। পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দিনে চীনে প্রায় ১৬ মিলিয়ন বা ১ কোটি ৬০ লক্ষ কর্ম সঙ্কোচনের হুঁশিয়ারি দিয়েছে এই উপদেষ্টা সংস্থাটি। অর্থাৎ বাণিজ্য যুদ্ধের ফলে কাজ হারাবেন সেদেশের বিপুল সংখ্যক মানুষ।
চীনের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত গোল্ডম্যান স্যাকসের রিপোর্টে বলা হয়েছে, ‘আমেরিকা ও চীনের মধ্যে চড়া শুল্ক বজায় থাকলে ও তার জেরে চীনা রফতানি ধাক্কা খেলে কাজের বাজারে চাহিদা বড় ধাক্কা খাবে।’ এক্ষেত্রে ১ কোটি ৬০ লক্ষ মানুষের কাজ হারানোর আশঙ্কা। এঁদের এক-তৃতীয়াংশ পাইকারি ও খুচরো ব্যবসায়ী। রিপোর্টে আরও বলা হয়েছে, চীনের টেলিযোগাযোগ সরঞ্জাম, পোশাক ও রাসায়নিক পণ্যের অন্যতম বড় বাজার হল আমেরিকা। এই ক্ষেত্রগুলি সর্বাধিক প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
বাণিজ্য ঘাটতি হ্রাস ও দেশের অভ্যন্তরে আরও বেশি বেশি করে পণ্য উৎপাদনে উৎসাহ দেওয়ার নীতি নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই নীতির অঙ্গ হিসেবে চীনা পণ্যে ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়েছে হোয়াইট হাউজ। যার পাল্টা হিসেবে বেজিং মার্কিন পণ্যে ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে।