


সংবাদদাতা, ময়নাগুড়ি: তৈরি হচ্ছিল নতুন মাছের বাজার। তাতে খুশি ছিলেন ব্যবসায়ীরা। কিন্তু নির্মাণ কাজের মাঝপথেই শুরু হয় সমস্যা। ক্ষুব্ধ হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটে ময়নাগুড়ির কৃষক বাজারে।
জানা গিয়েছে, কৃষিজ বিপণন দপ্তরের পক্ষ থেকে গত ৩১ আগস্ট থেকে এই নতুন পাইকারি মাছ বাজারের নির্মাণ শুরু হয়। এই কাজের সূচনা করেছিলাম ময়নাগুড়ির বিধায়িকা ডালিম রায়। কাজের জন্য মোট ২ কোটি ৪৬ লক্ষ ৪৫ হাজার ৬১৩ টাকা বরাদ্দ করা হয়েছিল। ব্যবসায়ীদের অভিযোগ, মোট ৪৬ জন ব্যবসায়ী রয়েছে। কিন্তু স্টল নির্মাণ হচ্ছে ৩৫ টা। পাশাপাশি ঘরের মাপ সঠিকভাবে করা হচ্ছিল। যেভাবে করা হচ্ছিল তাতে ব্যবসা করা যেত না। সেই অভিযোগে আজ বুধবার নতুন বাজার ওয়েলফেয়ার মৎস আড়ত ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।