


নয়াদিল্লি: ইরানে যুদ্ধ পরিস্থিতি নিয়ে সোমবার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুজনে প্রায় এক ঘণ্টা টেলিফোনে কথা বলেছেন বলে জানা যাচ্ছে। দুই রাষ্ট্রনেতার মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বলেই মস্কোর তরফে দাবি করা হয়েছে। এদিনই দীর্ঘ নীরবতা ভেঙে তেহরানকে সমর্থন করার কথা ঘোষণা করেছিল রাশিয়া। পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, ট্রাম্পই আলোচনার জন্য উদ্যোগী হয়ে ফোন করেন। আলোচনায় ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের চলতি সংঘাতের দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক নিষ্পত্তি চেয়েছেন রুশ প্রেসিডেন্ট। তার জন্য একাধিক প্রস্তাবও দিয়েছেন তিনি। এছাড়া পুতিন সাম্প্রতিক সময়ে রুশ সেনার সাফল্যও ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন উশাকভ।