


বেজিং, ১০ এপ্রিল: নতুন শুল্ক নীতি নিয়ে সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে নয়া নীতি। ৭৫টির বেশি দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। কিন্তু চীনের উপরে শুল্ক বাড়িয়েই চলেছেন তিনি। সর্বশেষ পদক্ষেপের পরে শুল্ক বেড়ে দাঁড়িয়েছে ১২৫ শতাংশ। এই পরিস্থিতিতে চুপ নেই বেজিংও। পাল্টা সুর চড়িয়েছে তারা। চীনের সাফ কথা, আমেরিকার সঙ্গে আলোচনার জন্য তারা সবসময় প্রস্তুত। কিন্তু ব্ল্যাকমেইল করে কোনও সুবিধা করতে পারবে না ট্রাম্পের আমেরিকা। কোনও চাপের মুখে মাথা নত করবে না চীন। শুধু তাই নয়, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ বিশ্ব স্বার্থর পরিপন্থী বলেও অভিযোগ করেছে জিনপিংয়ের দেশ।
বৃহস্পতিবার চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘আমেরিকার চড়া শুল্ক আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার ব্যাপক ক্ষতি করছে। এর জেরে বিশ্ব অর্থনীতির উপরে ভয়াবহ বিরূপ প্রভাব পড়বে।’ তিনি আরও বলেন, ‘আমেরিকার এই নির্লজ্জ কাজ বিশ্বের কেউ মেনে নিতে পারছে না।’
আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধে জড়ানোর কোনও ইচ্ছা চীনের নেই বলেও জানিয়েছেন সেদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। পাশাপাশি আমেরিকার ভয়ও বেজিং পায় না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।