


লন্ডন: বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার জুটিকে ডাকা হয় ‘বিরুষ্কা’ বলে। ক্রিকেট ও বিনোদন জগতের দুই তারকার সংসার নিয়ে আগ্রহ রয়েছে ভক্তদের। দুই সন্তান, কন্যা ভামিকা ও পুত্র অকায়কে কীভাবে বড় করে তুলছেন তাঁরা, সেটাই এবার জানালেন অনুষ্কা। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘কোন চোখে আমরা পৃথিবীকে দেখছি, তা গুরুত্বপূর্ণ। সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া জরুরি। আমি প্রগতিশীল পরিবারে বড় হয়েছি। তাই বাড়িতে গোঁড়ামির কোনও জায়গা নেই। ভালোবাসাই আমাদের সন্তান মানুষ করার মূলমন্ত্র। ছেলে-মেয়ে যাতে কারও অসম্মান না করে, সেই মূল্যবোধ গড়ে তুলতে চাইছি। ওদের ভালো মানুষ করাই লক্ষ্য।’
বিরাটের সঙ্গে ভাগ করে নেন ঘরের কাজকর্ম, জানিয়েছেন অনুষ্কা। বলেছেন, ‘এটা বাবার কাজ, এটা মায়ের কাজ— এভাবে ভাগ করা হয় দায়িত্বগুলোকে। আমরা একসঙ্গে সেটাকে পারিবারিক দায়িত্ব হিসেবে দেখি। আমাদের সন্তান যেন পক্ষপাতিত্বমূলক ভাবনা নিয়ে বড় না হয়, সেদিক নজর থাকে। আমরা তাই কাজকর্ম ভাগ করে নিই। প্রথম কয়েক বছর আমিই যদিও বেশি খেয়াল রাখব। কারণ, সেটাই বাস্তবসম্মত।’