


অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: ২০ আগস্ট ২০২৫। যুবভারতী ক্রীড়াঙ্গনে ডায়মন্ডহারবার এফসি’র কাছে হেরে ডুরান্ড কাপের শেষ চার থেকে বিদায় নিয়েছিল ইস্টবেঙ্গল। ঠিক এক বছর পর বুধবার, সেই যুবভারতীতেই ফের সেনাবাহিনীর টুর্নামেন্টের সেমি-ফাইনালে নামছে মশালবাহিনী। প্রতিপক্ষ এফসি দিল্লি। ঘরের মাঠে এবারও কঠিন পরীক্ষার সামনে আন্তোনিও হাবাস ব্রিগেড। চলতি মরশুমে শক্তিশালী দল গড়েছে দিল্লি। তাই ইস্ট বেঙ্গলকে বেগ দিতে তৈরি তারা। পক্ষান্তরে, শেষ আটের লড়াইয়ে আর্মির বিরুদ্ধে জয় পেলেও লাল-হলুদ ব্রিগেডের খেলায় ছিল ছন্নছাড়া ভাব। তাছাড়া ৭ দিনের মধ্যে ৩টি ম্যাচ খেলতে হচ্ছে রশিদ-আনোয়ারদের। ফলে দিল্লির বিরুদ্ধে ক্লান্তিই বড়ো কাঁটা হাবাস ব্রিগেডের।
মঙ্গলবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে চূড়ান্ত প্রস্তুতিতে একে একে নামলেন রশিদ, আনোয়ার, জিকসনরা। তবে অনুশীলনে দেখা গেল না পিভি বিষ্ণুকে। সেনাবাহিনীর বিরুদ্ধে গোল করার পর হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। নাচো এখনও ফিট নন। বাকিরা অবশ্য জোরকদমে শেষ মুহূর্তের প্রস্তুতি সারলেন। দিল্লি-বধের লক্ষ্যে হাবাসের অন্যতম প্রধান ভরসা উইং প্লে। দৌড় ও ফিটনেসের পর দীর্ঘক্ষণ দুই প্রান্ত থেকে বল তুলে চলল গোলের মহড়া। এই পর্বে লক্ষ্যভেদের দায়িত্বে দেখা গেল ডেভিড ও জেসিন টিকেকে। তবে প্রথম একাদশে শুরু থেকে নামার দৌড়ে এগিয়ে মিজো স্ট্রাইকারই। এরপর ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে দলের বিভিন্ন কম্বিনেশন ঘুরিয়ে-ফিরিয়ে দেখে নেন হাবাস। রক্ষণে আনোয়ার ও সন্দীপ মাণ্ডির সঙ্গে রাইট উইং-ব্যাকে জয় গুপ্তাকেও দীর্ঘক্ষণ অনুশীলন করতে দেখা গেল। মাঝমাঠে রশিদ ও রামিরেজের পিছনে থেকে রক্ষণ ও মাঝমাঠের মধ্যে সংযোগের দায়িত্ব সামলানোর প্রস্তুতি নিলেন জিকসন। বিষ্ণুর অনুপস্থিতিতে উইংয়ে শুরু থেকেই ফিরতে পারেন বিপিন সিং। তবে চূড়ান্ত একাদশ নিয়ে ধোঁয়াশা রেখেছেন হাবাস। অনুশীলন শেষে লাল-হলুদ কোচ বললেন, ‘কঠিন ম্যাচ অপেক্ষা করছে। আগের ম্যাচেও জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে। তবে আমরা আত্মবিশ্বাসী।’ উল্লেখ্য, আর্মির বিরুদ্ধে একের পর এক সহজ সুযোগ নষ্ট করেছিলেন রামিরেজ, জেসিনরা। দিল্লির বিরুদ্ধে অবশ্য তার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেদিকেই নজর দিচ্ছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ।
অন্যদিকে, চলতি আসরে দুরন্ত ফুটবল খেলেছে এফসি দিল্লি। গ্রুপ পর্বে জামশেদপুর এফসি’কে হারিয়ে অভিযান শুরু করে তারা। এরপর শ্রীলঙ্কা সেনা ও ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে ৭টি করে গোল করে দিল্লি। শেষ আটের ম্যাচেও বড়ো ব্যবধানে জয় নিয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামছে তারা। দিল্লির দলের অন্যতম ভরসা জুয়ান পেনা। তাঁকে আটকে রাখতে পারলে লাল-হলুদের কাজ অনেকটাই সহজ হবে। তবে দুরন্ত ফর্মে থাকা দিল্লিকে হারাতে হলে আরও বেশি দায়িত্ব নিতে হবে রামিরেজ-ডেভিডদের।
যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। সরাসরি সম্প্রচার
সোনি স্পোর্টস চ্যানেলে।