


সংবাদদাতা, ধূপগুড়ি: গ্রীষ্ম পেরিয়ে বর্ষা এবং শীতের দোরগোড়ায় এসেও কাটেনি ধূপগুড়ি পুরসভার পানীয় জলের সংকট। প্রতিদিন মাত্র ১০ থেকে ১৫ মিনিট জল সরবরাহ এবং সপ্তাহে দুই-তিন দিন একবেলা জল না পাওয়ার সমস্যায় গত ছ’মাস ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের নেতাজিপাড়ার বাসিন্দারা। দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এবার মহকুমাশাসক তথা পুর প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি দিয়েছেন এলাকার বাসিন্দা ভাস্কর মহন্ত।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন অত্যন্ত অল্প সময়ের জন্য জল পাওয়ায় পরিবারের ন্যূনতম প্রয়োজন মেটানোই অসম্ভব হয়ে পড়েছে। জল সংগ্রহ করতে গিয়ে প্রতিদিন চরম হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। যার জেরে রান্না ও স্নান থেকে শুরু করে দৈনন্দিন গৃহস্থালির সমস্ত কাজেই মারাত্মক ব্যাঘাত ঘটছে। একাধিকবার বিষয়টি পুর প্রশাসনের নজরে আনা হলেও আজও মেলেনি সুরাহা।
এলাকার বাসিন্দা রাকেশ রায় ও প্রহ্লাদ সরকার ক্ষোভ প্রকাশ করে জানান, গত ছয় মাস ধরে প্রতিদিন মাত্র ১০-১৫ মিনিট জল মিলছে। কোনো কোনো দিন তাও আসছে না। প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও যখন লাভ হয়নি, তখন মহকুমা শাসক তথা পুর প্রশাসক দ্রুত হস্তক্ষেপ করে এই সমস্যার স্থায়ী সমাধান করুন। বাসিন্দাদের পরিষ্কার বার্তা, পানীয় জল মানুষের মৌলিক অধিকার ও প্রয়োজন। তাই অবিলম্বে নিয়মিত ও পর্যাপ্ত জল সরবরাহের ব্যবস্থা করতে হবে।
দীর্ঘদিন ধরে চলা এই সংকট সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে তুলেছে। যদিও এই বিষয়ে ধূপগুড়ি পুরসভার প্রশাসক শ্রদ্ধা সুব্বাকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। মেসেজেরও উত্তর দেননি।