


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১৬-১৮ এপ্রিল সংসদের বিশেষ অধিবেশন বসিয়ে মহিলা সংরক্ষণ এবং এলাকা পুনর্বিন্যাস আইন সংশোধন করার কেন্দ্রীয় উদ্যোগ অসাধু। শুক্রবার এভাবেই তোপ দাগল কংগ্রেস। বিষয়টি আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন বলেও দাবি করলেন এআইসিসির মুখ্য মুখপাত্র জয়রাম রমেশ। পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর মহিলা ভোটারদের প্রভাবিত করার লক্ষ্যেই আচমকা ৩০ মাস পর মোদি-শাহর ঘুম ভেঙেছে বলেই কটাক্ষ করেন তিনি। বললেন, ওই বিশেষ অধিবেশন আসলে নির্বাচনি অধিবেশন।
জয়রাম বলেন, ২০২৩ সালে যখন সংসদে সর্বসম্মতিতে মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছিল, তখনই বিরোধীরা দাবি করেছিল, এখনই অর্থাৎ আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচন থেকেই সংসদে ৩৩ শতাংশ মহিলা প্রতিনিধিত্ব কার্যকর হোক। কিন্তু তখন নরেন্দ্র মোদি বলেছিলেন, বিল পাশ হলেও কার্যকর হবে ২০২৯ সাল থেকে। তাহলে এখন কেন ফের সংশোধন? এ ব্যাপারে সরকারকে বারবার সর্বদলীয় বৈঠক ডাকার কথা বলে চিঠি দেওয়া এবং ৩০ এপ্রিলের পর বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ করা হলেও কেন গা-জোয়ারি করছে সরকার? প্রশ্ন তোলেন জয়রাম।
তাই সরকারের ডাকা বিশেষ অধিবেশনে বিরোধীরা কী করবে, কী হবে তাদের অবস্থান, তা ঠিক করতে আগামী সপ্তাহে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে দলের বৈঠক ডাকছেন। সেই বৈঠকের সিদ্ধান্তের নির্যাস সামনে রেখে ১৬ এপ্রিলের আগে মোদি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকও ডাকা হবে। যদিও পশ্চিমবঙ্গে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল ভোট। তামিলনাড়ুতে ২৩ এপ্রিল। তাই তৃণমূল বা ডিএমকের মতো বিরোধীরা ওই বৈঠকে সশরীরে উপস্থিত থাকবে কি না, এখনও নিশ্চিত নয়।