


জোহানেসবার্গ: অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে গণহত্যার ক্ষত মোছার আগে একই ধরনের নৃশংসতার সাক্ষী থাকল দক্ষিণ আফ্রিকা। রবিবার ভোররাতে জোহানেসবার্গের কাছে একটি পানশালায় এলোপাথাড়ি গুলি চালায় একদল বন্দুকবাজ। ঘটনায় এখন পর্যন্ত ন’জনের মৃত্যু হয়েছে। আহত আরও দশজন। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।
পুলিশ জানিয়েছে, এদিন সেডানে চড়ে বেকার্সডাল শহরের একটি পানশালার বাইরে হাজির হয় প্রায় ১২ জন বন্দুকবাজ। পিস্তলের পাশাপাশি তাদের সঙ্গে ছিল একে-৪৭। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি গুলি চালাতে থাকে তারা। মুহূর্তের মধ্যে বহু মানুষ মাটিতে লুটিয়ে পড়েন। রক্তে ভেসে যায় মেঝে। পানশালার ভিতরেই তিনজনের মৃত্যু হয়। আতঙ্কে পালানোর সময় গুলিবিদ্ধ হন বাকিরা। প্রভিনশিয়াল পুলিশ কমিশনার মেজর জেনারেল ফ্রেড কেকানার কথায়, ‘পানশালায় ঢুকে নির্বিচারে গুলি চালায় বন্দুকবাজের দল। রাস্তায় পথচারীদেরও রেয়াত করা হয়নি। গুলিবিদ্ধ ব্যক্তিদের থেকে মোবাইল সহ একাধিক জিনিস নিয়ে চম্পট দেয় তারা।’ গত ৬ ডিসেম্বর প্রিটোরিয়ার কাছে হস্টেলের একটি অংশে গুলি চালায় একদল বন্দুকবাজ। ঘটনায় তিন বছরের শিশু সহ প্রায় ১২ জনের মৃত্যু হয়। দু’সপ্তাহ কাটতেই ফের গণহত্যা দক্ষিণ আফ্রিকায়।