


তেহরান: দিয়েগো গার্সিয়া দ্বীপে হামলার চেষ্টাই করেনি তারা। সাফ জানিয়ে দিল ইরান। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে ব্রিটিশ-মার্কিন সেনাঘাঁটি থাকা এই দ্বীপে হামলার চেষ্টা কারা করেছিল। ভারত মহাসাগরের বুকে মার্কিন সেনাঘাঁটি হিসাবে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে দিয়েগো গার্সিয়া। এই দ্বীপকে ব্যবহার করেই ভিয়েতনাম এবং ইরাক যুদ্ধ চালিয়েছিল আমেরিকা। আফগানিস্তানে তালিবানের বিরুদ্ধেও মার্কিন হামলা চলেছিল এখান থেকেই। মার্কিন প্রতিরক্ষার দিক দিয়ে গুরুত্বপূর্ণ এহেন দ্বীপেই ইরান হামলার চেষ্টা করেছিল বলে দাবি করে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’। মার্কিন এই সংবাদমাধ্যমের দাবি, দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে দু’টি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এরমধ্যে একটি নিক্ষেপের সময়ই ধ্বংস হয়ে যায়। দ্বিতীয়টিকে সম্ভবত ইন্টারসেপ্ট করা হয়েছে।
‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এই দাবি বিশেষ তাৎপর্যপূর্ণ। এতদিন মনে করা হত, ইরানের হাতে দূরপাল্লার কোনো ক্ষেপণাস্ত্র নেই। ইরান নিজেই নিজেদের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটারে বেঁধে রাখার কথা ঘোষণা করেছে। তেহরান থেকে দিয়েগো গার্সিয়ার দূরত্ব প্রায় ৪ হাজার কিলোমিটার। আমেরিকা অবশ্য বহুদিন ধরেই দাবি করে আসছে, দূরপাল্লার আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র হাতে রয়েছে তেহরানের। এই অবস্থায় রবিবার আল জাজিরাকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দিয়েগো গার্সিয়ায় হামলার চেষ্টা তাঁদের দিক থেকে হয়নি। এর আগেও ওমান ও তুরস্কে হামলা চালানোর অভিযোগ খণ্ডন করেছিল ইরান।