


মস্কো: গাড়ি বিস্ফোরণে নিহত রুশ সেনাকর্তা। সোমবারের ঘটনাটি মস্কোর ইয়াসেনেভো জেলার। নিহত ব্যক্তির নাম লেফটেন্যান্ট জেনারেল ফানিল সার্ভারভ। রুশ সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং ডিরেক্টরেটের প্রধান ছিলেন তিনি। ইতিমধ্যে ‘হত্যাকাণ্ডে’র তদন্ত শুরু করেছে পুতিন প্রশাসন। প্রাথমিক তদন্তে অনুমান, গাড়ির নিচে থাকা আইইডি বিস্ফোরণের জেরেই ফানিলের মৃত্যু হয়। ঘটনার পিছনে ইউক্রেনের বিশেষ বাহিনী রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেত্রেঙ্কো বলেন, ‘ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলি পরিকল্পনা করে বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।’ বিস্ফোরণে রুশ সেনাকর্তার মৃত্যুর ঘটনা অবশ্য নতুন নয়। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ সংক্রান্ত একাধিক খবর প্রকাশ্যে এসেছে। গত এপ্রিলে মস্কোর কাছে গাড়ি বিস্ফোরণে জেনারেল ইয়ারোস্লাভ মোস্কালিকের মৃত্যু হয়। জেনারেল স্টাফের উপ প্রধান ছিলেন তিনি। গত বছর ডিসেম্বরে খুন হন রুশ পারমাণবিক, রাসায়নিক ও জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলভ। বৈদ্যুতিন স্কুটারে লুকানো বোমা ফেটে (বুবি ট্র্যাপ) তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে ঘটনার দায় স্বীকার করেছিল ইউক্রেনের গুপ্তচর সংস্থা এসবিইউ সিকিউরিটি সার্ভিস।