


রিয়াধ: হুথিদের সঙ্গে সংঘর্ষ ঘিরে অশান্ত সৌদি আরব। মক্কা, মদিনা সহ একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা রুখে দেওয়ার দাবি রিয়াধের। তারা জানিয়েছে, এই হামলার পর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে পড়ে। যদিও এই দাবি ভিত্তিহীন বলে খারিজ করে দেওয়া হয়েছে হুথিদের পক্ষ থেকে। এদিকে, হামলার জেরে বাতিল হয়েছে একের পর এক উড়ান। আটকে পড়েছেন বহু ভারতীয়। তাঁদের মধ্যে রয়েছেন তীর্থযাত্রীরাও। এই অবস্থায় সৌদি আরবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করল রিয়াধের ভারতীয় দূতাবাস। জেড্ডা ও মক্কায় তাঁদের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। সৌদিতে হামলার ভিডিও কিংবা কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, আগামী ৭ নভেম্বর পর্যন্ত রিয়াধ ও দাম্মাম এবং ৩১ অক্টোবর পর্যন্ত জেড্ডা বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সব উড়ান বাতিল থাকবে। সৌদি প্রশাসন জানিয়েছে, মক্কা ও মদিনা লক্ষ্য করে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। মাত্র ১২ ঘণ্টার মধ্যে ১১টি ব্যালিস্টিক ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও দু’টি ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। রবিবার সৌদি আরবের রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। তবে মক্কা ও মদিনায় হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা।