


ওয়াশিংটন: ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরু করবে আমেরিকা। শনিবার এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি কূটনৈতিক আলোচনার পথও খোলা রাখলেন তিনি। শনিবার তিনি বলেন, হরমুজ প্রণালী খোলা নিয়ে তেহরান একটা চুক্তি করতে আগ্রহী। তবে সেই চুক্তির শর্ত তারা মানবে কি না, তা নিয়ে সন্দিহান মার্কিন প্রেসিডেন্ট। এদিন ফ্লোরিডায় ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানেই ইরান আক্রমণ নিয়ে মুখ খোলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রবিবারই ইরান আক্রমণ করতে পারি। সেই সম্ভাবনা যথেষ্ট। তাছাড়া একটা ভালো চুক্তির সম্ভাবনাও রয়েছে। ওরা একটা চুক্তি চায়। তবে সমস্যা হল, ওরা সেই চুক্তি মানবে তো?’ পশ্চিম এশিয়ায় আমেরিকার সাফল্যের দাবিও করেছেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমরা একটা দারুণ কাজ করেছি। আমাদের সেনা ওদের সব যুদ্ধবিমান ধ্বংস করেছে। নৌসেনা ওদের ২৫৯টি জাহাজ জলের নীচে পাঠিয়েছে। ওরা এখন রেকর্ড মুদ্রাস্ফীতির মধ্যে পড়েছে।’ এরই মধ্যে এক্স হ্যান্ডলে তেল আভিভে পরমাণু বিস্ফোরণের একটি এআই নির্মিত ছবি শেয়ার করেছেন ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। নিজের দেশে ভোটের দু’দিন আগে এই ছবি পোস্ট করে তিনি জানান, যদি ইরানের হাতে পরমাণু অস্ত্র চলে আসে, তাহলে কোনোকিছুই আর আগের মতো থাকবে না। ট্রাম্পের আগামী দু’বছরের মধ্যে আমাদের ইরানের বিষয়টি নিষ্পত্তি করতে হবে। অন্যদিকে, সম্প্রতি সৌদি আরবের সংবাদ সংস্থা ‘আল আরাবিয়া’ দাবি করে, ইরান নাকি হরমুজ প্রণালী খোলার প্রস্তাব দিয়েছে। বলা হয়েছে, আমেরিকা তাদের বন্দরগুলি থেকে অবরোধ তুলে নিলে তারাও হরমুজ খুলে দেবে। প্রতিবেদনে লেখা হয়েছে, ‘পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম ইসলামাবাদে একটি সেমিনারে জানান যে, আমেরিকা যদি অবরোধ তুলে নেয় তবে ইরান হরমুজ প্রণালী খুলে দিতে রাজি আছে।’ রবিবার হরমুজ প্রণালী নিয়ে কোনো চুক্তির কথা অস্বীকার করেছে ইরান।